
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও শিক্ষাবিদ মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক)(১) ও ৫(ক)(২) অনুযায়ী তাকে অন্যান্য পেশাগত ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের প্রশাসনিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ, এই প্রথম কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমামকে সচিব পদমর্যাদার এ উচ্চ প্রশাসনিক দায়িত্বে নিয়োগ দেওয়া হলো।মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী দীর্ঘদিন ধরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইসলামী গবেষণা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই নিয়োগ ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং ধর্মীয় শিক্ষাবিদদের প্রশাসনিক পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্র আরও প্রসারিত করবে।