
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (চ্যাটজিপিটি) সাহায্যে উত্তর বের করে চান্স পাওয়া এক শিক্ষার্থী সোমবার ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পুনরায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় আটক হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ২য় শিফটে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ কক্ষে পরীক্ষার সময় চ্যাটজিপিটি ব্যবহার করার সময় কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক তাকে হাতেনাতে ধরেন।
আটক ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল্লাহ হাসান, পিতা আব্দুস সোবহান- তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামে।
এর আগে গত ২৩ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের পঞ্চম শিফটে ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা দেয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪০১ নাম্বার কক্ষে। তার সঙ্গে থাকা মোবাইল ফোনের ডাটা থেকে জানা যায়, তিনি ওই দিন প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে দিয়ে উত্তর বের করে পরীক্ষা দিয়েছিল। গত ২৫ তারিখে ‘ডি’ ইউনিটের ফলাফল দিলে তিনি পঞ্চম শিফটে ২৪২তম অবস্থান করে তার রোল নং ৪১৩৩৬৪২।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ২য় শিফটে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ কক্ষে পরীক্ষার সময় পেছনের দিকে বেঞ্চ বসে মোবাইলে ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর লিখছিল, তখন দায়িত্বরত শিক্ষক তাকে হাতেনাতে ধরেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমরা অবগত হয়েছি, অভিযুক্ত শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম রাশিদুল আলম জানান, আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে জানিয়েছি যেন এ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে এবং আর কখনো যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। আমরা ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, তথ্য প্রমাণসাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তিনি।
পরে অভিযুক্ত মো. মাহমুদুল্লাহ হাসানকে ৭ দিন কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন।