
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৭ জন নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপি, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন, মো. শহিদুল ইসলাম শহিদ, সারোয়ার জাহান এমরানসহ একাধিক নেতা; সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা; এছাড়া সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সদস্যরাও রয়েছেন।বিএনপি জানায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।