
রাজধানীর উত্তরা এলাকায় একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় আরও ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। চার মিনিট পর, অর্থাৎ ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়ে ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরবর্তীতে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।