
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে বহুল আলোচিত র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত আসামির নাম আলী আকবর (২৬)।শনিবার (২০ জুন) র্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার আলী আকবর সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তিনি সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া র্যাব সদস্য হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটির তদন্ত চলমান রয়েছে।মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারাসহ সরকারি কাজে বাধা, হামলা, অপহরণ, চাঁদাবাজি, অবৈধভাবে আটক, হত্যাচেষ্টা এবং অন্যান্য গুরুতর অভিযোগে একাধিক ধারায় মামলা রয়েছে।র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলী আকবরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।