
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার এক মাদককারবারিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে একাধিক মামলার আসামি ও কথিত শীর্ষ মাদককারবারি পারভেজ বেপারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তার সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ডিবি সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হন। সেই সুযোগে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তার সহযোগীরা।মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম জানান, দুইজন উপপরিদর্শকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, পারভেজের বিপুলসংখ্যক সহযোগী ঘটনাস্থলে জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পারভেজ পালিয়ে যায়।তিনি আরও জানান, উদ্ধার হওয়া ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পারভেজকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পাশাপাশি তাকে পুনরায় গ্রেপ্তারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে কাজ করছে।