
টাঙ্গাইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক বাড়ি ভাড়া ভাতা উত্তোলন করেও অফিস কক্ষকে আবাসিক বাসা হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে অফিসের কক্ষেই বসবাস করছেন এবং এ জন্য সরকারি নিয়ম লঙ্ঘন করে সুবিধা নিচ্ছেন।জানা গেছে, মো. জাকির হোসেন ২০২৪ সালের ১৭ এপ্রিল টাঙ্গাইল মহিলা বিষয়ক অধিদপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ৯ জুন পর্যন্ত দায়িত্ব পালনের পর হজ পালনের উদ্দেশ্যে ছুটিতে যান। পরে ১৮ জুলাই পুনরায় কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি অফিস কক্ষকে আবাসিক ফ্ল্যাটের মতো ব্যবহার করে সেখানে বসবাস শুরু করেন বলে অভিযোগ রয়েছে।অভিযোগে বলা হয়েছে, অফিস কক্ষে অবস্থান করলেও তিনি প্রতি মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া বাবদ ২০ হাজার ২৫৪ টাকা উত্তোলন করে আসছেন। এছাড়া মাঝে মধ্যে তার স্ত্রী গ্রাম থেকে এলে তাকেও অফিস কক্ষে নিয়ে অবস্থান করেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল শহরের বটতলা মোড়ে অবস্থিত পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়। ওই কার্যালয়ের একটি কক্ষ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ থাকলেও কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে জানা গেছে। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।