
রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় ছিনতাই হওয়া গরু-ছাগলবোঝাই ট্রাক উদ্ধার করে সাহসিকতার পরিচয় দেওয়ায় পুরস্কৃত হয়েছেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. গোলাম মোস্তফা।বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন তার হাতে সাহসিকতার পুরস্কার তুলে দেন।ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী পশুরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা। অভিযানে তিনি ছিনতাই হওয়া পশুবোঝাই ট্রাকটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।সহকর্মীরাও তার এই সাফল্যকে পুলিশ বাহিনীর জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ সম্পদ উদ্ধারে সক্ষম হওয়ায় তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।