
খুলনা ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ চারজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া, পুলিশ সদর দফতরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।একই প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৮ জুন জারি করা আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।