
পুলিশের উপমহাপরিদর্শককে (ডিআইজি) একাধিকবার ফোন ও মেসেজ দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন কুমিল্লা-১০ আসনের বিএনপির এমপি মোবারক হোসেন ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।রোববার দেওয়া এক বক্তব্যে এমপি মোবারক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই তাকে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো প্রতিক্রিয়া জানাননি বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, “নিজের মোবাইল নম্বর থেকে কল করেছি, মেসেজ দিয়েছি, সাত দিন পার হয়ে গেল—তবুও কোনো উত্তর পাইনি। জনগণের জন্য কাজ করতে গিয়ে নিজেকেও ছোট হতে হয়।”বক্তব্যে তিনি আরও দাবি করেন, এক পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে বলেন, “আপনার এলাকায় আমার কিছু সিনিয়র অফিসার আছেন, তাদের কথাও শুনতে হয়।” এর জবাবে এমপি প্রশ্ন তোলেন, “তারা কি একজন নির্বাচিত এমপির চেয়েও বড়?”এদিকে, ফায়ার সার্ভিস সংক্রান্ত একটি বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষ্যমতে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কার্যকর সাড়া পাননি।এমপি মোবারকের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।