
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সারাদেশে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার বিকেলে রংপুর রেঞ্জ ও রংপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মোট ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৩৩ হাজার সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আশা করা হচ্ছে, আগামী ২০ তারিখের মধ্যেই বাকি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
বিগত ১৫ বছরে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে আস্থার ঘাটতি ছিল উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেন, এবারের নির্বাচনকে কেন্দ্র করে সেই পরিস্থিতি পরিবর্তনে পুলিশ প্রশাসন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব, আচরণবিধি এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনে কীভাবে পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে—সে বিষয়ে আগে অনেক সদস্যের পরিষ্কার ধারণা ছিল না। প্রশিক্ষণের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে পুলিশ বাহিনীকে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য অবস্থানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ প্রশাসনের আশা, এই প্রশিক্ষণ কার্যক্রম নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।