
অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র অনুযায়ী চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি অর্থে নতুন গাড়ি কেনা, বিদেশ সফর এবং সুদমুক্ত ঋণে গাড়ি ক্রয়ের সুবিধা স্থগিত করা হয়েছে।বুধবার (৮ জুলাই) অর্থ বিভাগ থেকে জারি করা এ পরিপত্রে বলা হয়, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশনা অনুযায়ী উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যতিক্রম রাখা হয়েছে।এছাড়া সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে বিদেশি অর্থায়ন, স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।পরিপত্রে আরও বলা হয়েছে, পরিচালন বাজেট থেকে নতুন ভবন নির্মাণ এবং ভূমি অধিগ্রহণে ব্যয় করা যাবে না। তবে চলমান কোনো নির্মাণকাজ ৭০ শতাংশের বেশি সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে তা শেষ করা যাবে।সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।