
পুরান ঢাকার সিএমএম (CMM) কোর্ট সংলগ্ন হাজতখানার পাশের সরু রাস্তায় ডিপিডিসি/ডেসকো কর্তৃক ৩৩,০০০ ভোল্টের বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানোর কারণে চরম ঝুঁকি ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অলিগলি পরিবেষ্টিত এই সরু রাস্তায় প্রতিদিন হাজার হাজার পথচারী, আইনজীবী এবং আদালতের বিচারপ্রার্থী মানুষ চলাচল করেন।স্থানীয় বাসিন্দা ও আইনজীবীদের অভিযোগ, মাত্র ৭ থেকে ৮ ফুট প্রশস্ত এই অখণ্ড রাস্তার অর্ধেকেরও বেশি (প্রায় ৬ ফুট) জুড়ে ট্রান্সফরমারটি বসানো হয়েছে। এতে একদিকে যেমন রাস্তা প্রায় বন্ধ হয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে বিদ্যুতায়িত হয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।ইতোমধ্যেই উক্ত স্থানে অসাবধানতাবশত ঘটে যাওয়া বৈদ্যুতিক শর্ট সার্কিট ও দুর্ঘটনার শিকার হয়ে একাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। অতি সম্প্রতি বৃষ্টির সময় শর্ট সার্কিট হয়ে এক শিশু গুরুতর আহত হওয়া সহ প্রাণহানির মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।বাংলাদেশ বার অ্যাসেসিয়েশন ও ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসেসিয়েশনের পক্ষ থেকে ডিপিডিসি/ডেসকো কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত ট্রান্সফরমারটি অপসারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকা সিএমএম কোর্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও আইনজীবী সমাজ। তারা ২৪ ঘণ্টার মধ্যে এই ঝুঁকিপূর্ণ ৩৩,০০০ ভোল্টের ট্রান্সফরমারটি অপসারণ করে পথচারীদের নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন।