
গাজীপুরে এক নারী কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আশিক ইসলাম স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশিক ইসলাম স্বপন গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকার দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন রানু বেগম। দোকানের লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার মুদি দোকানি নজরুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে রানুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।ঘটনার দিন সকালে রানু বেগমের সঙ্গে নজরুল ইসলামের বাকবিতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে নজরুলের ছেলে আশিক ইসলাম স্বপন ক্ষিপ্ত হয়ে ধারাল ছুরি নিয়ে রানু বেগমের ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রানু বেগমকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ ঘটনায় নিহত রানু বেগমের ছেলে হৃদয় বাদী হয়ে শনিবার রাতেই আশিক ইসলাম স্বপনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।