
চাঁদা দাবির অভিযোগে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারের পর এ সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ প্রশাসন।জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) সকালে খোকসা থানা থেকে ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।অভিযোগ রয়েছে, গত ১ জানুয়ারি কুষ্টিয়ার খোকসা উপজেলার এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছে নগদ অর্থ ও একটি ল্যাপটপ চাঁদা দাবি করেন ওসি মোতালেব হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেন।পরে বিষয়টি নিয়ে দেশ টিভি-তে ‘কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছ থেকে ওসির চাঁদা দাবি’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। সংবাদটি প্রচারের পরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।এ বিষয়ে তদন্তের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।