
অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে চারজন সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং একই সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা।স্থানীয় সরকার বিভাগের তথ্যমতে, প্রকৌশলী শাহীন-উল ইসলাম চৌধুরী ও ফারজানা মুক্তা পরস্পর স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে।স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত একটি গোপনীয় চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।