
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে বদলি করেছে পুলিশ সদরদপ্তর। চট্টগ্রাম থেকে সোনারগাঁ থানায় যোগদানের মাত্র আড়াই মাসের মাথায় এ বদলির আদেশ দেওয়া হলো।রোববার (২৬ জুলাই) অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে পদায়ন করা হয়।গোলাম সারোয়ার এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের মে মাসে তিনি সোনারগাঁ থানায় যোগদান করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানায় দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে যোগসাজশ করে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো নিয়েও সমালোচনা সৃষ্টি হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে যোগসাজশ করে তাকে মামলায় জড়ানো হয়েছে।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় প্রবাসফেরত এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও ওঠে ওসি গোলাম সারোয়ারের বিরুদ্ধে।তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, বদলিটি প্রশাসনিক কারণে করা হয়েছে। তিনি বলেন, “পুলিশ সদরদপ্তর থেকেই বদলির আদেশ এসেছে। সুনির্দিষ্ট কারণ আমাদের জানানো হয়নি। তবে আইজিপির নির্দেশনায় একটি গোয়েন্দা দল থানাগুলোতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করছে। ওই মনিটরিংয়ে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কি না, সে বিষয়ে সদরদপ্তরই বলতে পারবে।”তিনি আরও জানান, আগামী ১ আগস্ট পর্যন্ত গোলাম সারোয়ার সোনারগাঁ থানায় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তাকে রংপুর রেঞ্জে যোগদান করতে হবে। একই সঙ্গে সোনারগাঁ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।