
সরকারি সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর জাতীয় খানা জরিপ ২০২৫ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুষের শিকার হওয়া পরিবারের হার সর্বোচ্চ ৭৬ দশমিক ৬ শতাংশ।বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়ার হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।পাসপোর্ট অফিসের পর ঘুষ গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যেখানে ঘুষের শিকার হওয়ার হার ৬৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৪৯ দশমিক ৩ শতাংশ, কৃষি সেবায় ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে।টিআইবির জরিপে আরও উঠে এসেছে, দেশের মোট ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সেবা খাতে ঘুষের শিকার হয়েছে। এর মধ্যে পাসপোর্ট সেবার চিত্রকে সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।সংস্থাটি সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।