
বগুড়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের ভেতরেই পকেটমারের কবলে পড়ে এক পুলিশ কর্মকর্তার মানিব্যাগ খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী কর্মকর্তা সৌরভ, যিনি উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত।তিনি জানান, ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে ভিওআইপি ডিউটির দায়িত্ব পালন করতে তিনি এসপি কার্যালয়ে যান। কার্যালয়ের রিসেপশনে প্রয়োজনীয় কাজের সময় তিনি পকেট থেকে মানিব্যাগ বের করে একটি ছবি তোলেন এবং অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করেন।পরবর্তীতে কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, তার পকেটে আর মানিব্যাগটি নেই। ধারণা করা হচ্ছে, এ সময়েই অজ্ঞাত কেউ পকেটমারের মাধ্যমে মানিব্যাগটি নিয়ে যায়।ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও প্রশ্ন তুলেছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।