
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগগুলোর মধ্যে জুন মাসেও শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে মিরপুর বিভাগ। এর মাধ্যমে গত মার্চ, এপ্রিল ও মে মাসের পর জুনেও সেরা বিভাগের স্বীকৃতি অর্জন করে টানা চতুর্থবারের মতো এ কৃতিত্বের নজির গড়েছে বিভাগটি।সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।এ সময় মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার ডিএমপি কমিশনারের কাছ থেকে শ্রেষ্ঠ বিভাগের পুরস্কার গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে মিরপুর বিভাগের এ ধারাবাহিক সাফল্য ডিএমপির মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।