
বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ফারুক গাজী (৫৫) আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।রোববার (১৪ জুন) তালতলী থানা ব্যারাকে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতের ডিউটি শেষে ভোরে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন ফারুক গাজী। পরে সকালে কোনো এক সময় তিনি গ্যাস ট্যাবলেট (এক ধরনের কীটনাশক) সেবন করেন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিরকুটের বিষয়বস্তুসহ পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।