
সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (১৪ মে) রাতে কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কিছু অননুমোদিত থার্ড-পার্টি প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক কার্ডকে ‘মেটাল কার্ডে’ রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে।বাংলাদেশ ব্যাংক জানায়, এ ধরনের প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি (CVV)-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।সতর্কবার্তায় আরও বলা হয়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপন তথ্য ফাঁস, অননুমোদিত লেনদেন, আর্থিক ক্ষতি এবং তথ্য নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা তৈরি হতে পারে।কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের অনুরোধ জানিয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ড সংক্রান্ত তথ্য প্রদান কিংবা প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের মতো কার্যক্রম থেকে বিরত থাকতে।এছাড়া কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।গ্রাহকদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই ওটিপি (OTP) বা কার্ডের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।