
বিশ্বের সবচেয়ে বাসযোগ্য ও বাসের অযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ২০২৬ সালের গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সে ১৭৩টি শহরের মধ্যে ১৭১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১০০-এর মধ্যে ঢাকার স্কোর ৪২, যা শহরটিকে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহরের অবস্থানে রেখেছে।ইআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো—এই পাঁচটি সূচকের ভিত্তিতে শহরগুলোর বাসযোগ্যতা মূল্যায়ন করা হয়েছে। সূচকে শিক্ষাখাতে তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং নগর পরিবেশে দীর্ঘস্থায়ী দুর্বলতার কারণে ঢাকার অবস্থান নিচের সারিতেই রয়ে গেছে।প্রতিবেদন অনুযায়ী, বাসযোগ্যতার দিক থেকে ঢাকার নিচে রয়েছে কেবল লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক। দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের করাচি ৪৩ স্কোর নিয়ে ঢাকার ঠিক এক ধাপ ওপরে অবস্থান করছে।অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।ইআইইউ বলছে, এশিয়ার বিভিন্ন শহরে স্বাস্থ্যসেবা ও নগর ব্যবস্থাপনায় উন্নতি ঘটলেও ঢাকা এখনো কাঠামোগত দুর্বলতা, অবকাঠামোগত সংকট এবং সেবার মানগত সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যতম কম বাসযোগ্য শহর হিসেবে রয়ে গেছে।