
কক্সবাজারের টেকনাফ-এ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ এপ্রিল) গভীর রাতে হ্নীলা ইউনিয়ন-এর ফুলের ডেইল এলাকায় অভিযান চালানো হয়। এতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্সসহ দুটি আভিযানিক দল অংশ নেয়।অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী হিসেবে পরিচিত এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে দুটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, আটটি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।