
ঢাকা রেঞ্জ এলাকায় থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদায়নের নামে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে বলে সতর্ক করেছে পুলিশের ঢাকা রেঞ্জ। এ ধরনের প্রতারণা ঠেকাতে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন থানায় ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের কথা বলে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে অর্থ লেনদেনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে কোনো থানার ওসি পদায়ন করা হয় না। এ ধরনের পদায়নের ক্ষমতা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের (এসপি) হাতে ন্যস্ত থাকে। সম্পূর্ণ পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব পদায়ন সম্পন্ন হয়।এ ধরনের আর্থিক লেনদেন বা প্রলোভনের মাধ্যমে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এটি ঢাকা রেঞ্জের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও জানানো হয়।ঢাকা রেঞ্জ জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ ধরনের কোনো প্রস্তাব বা তথ্য পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা পুলিশ কর্তৃপক্ষকে জানাতে সাধারণ জনগণকে অনুরোধ করেছে Dhaka Range Police এবং Bangladesh Police।