
খুলনা অঞ্চলে আলোচিত মস্তকবিহীন এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন নিখোঁজ থাকা সালেহা বেগমের পরিচয় শনাক্ত করে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জট খুলে দেয় সংস্থাটি।তদন্ত সূত্রে জানা যায়, সালেহা বেগম নিখোঁজ হওয়ার পর তার পরিবার একটি অপহরণ মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই খুলনা ইউনিট। তদন্তের এক পর্যায়ে নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেইস এবং বেওয়ারিশ লাশের রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে বটিয়াঘাটা থানায় দাফন করা একটি অজ্ঞাত লাশের সঙ্গে তার পরিচয়ের মিল পাওয়া যায়।পরে মামলার প্রধান আসামি লালন গাজীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী সিজার মোল্লাকেও গ্রেফতার করা হয়। আদালতে উভয় আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।এদিকে, এই জটিল ও চাঞ্চল্যকর মামলার সফল তদন্তের স্বীকৃতিস্বরূপ খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) রেজোয়ানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় পিবিআই খুলনা জেলার ইউনিট ইনচার্জ রেশমা শারমিন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে একটি জটিল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করায় সংশ্লিষ্ট কর্মকর্তার এই সাফল্য সর্বমহলে প্রশংসিত হয়েছে।