
রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের জারি করা এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।বার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর হামলার চেষ্টা করতে পারে। এ কারণে কোনো ধরনের অবহেলা না করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, ডিউটির সময় কোনো পুলিশি যানবাহন থামাতে হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না।এ ছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড ও অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, কড়াকড়ি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার কথাও উল্লেখ করা হয়েছে।পুলিশ সদর দপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।