
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ পাঠানো চিঠিকে আদালত অবমাননাকর বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির পক্ষে বিদেশ থেকে ল’ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনি সুযোগ নেই। তার অভিযোগ, ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ চিঠি পাঠানো হয়েছে।জানা যায়, গত ৩০ মার্চ যুক্তরাজ্যভিত্তিক আইন সংস্থা Kingsley Napley ই-মেইলের মাধ্যমে ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠায়। এতে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের আবেদন জানানো হয়।এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। বিচার চলাকালে তিনি অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল তার পক্ষে আইনজীবী নিয়োগ করে।আইন অনুযায়ী, এ ধরনের রায় বহাল রাখা বা পরিবর্তনের ক্ষমতা রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ-এর।চিঠিতে কিংসলি ন্যাপলি দাবি করে, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার পরিচালনা এবং মৃত্যুদণ্ড প্রদান আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মৌলিক মানদণ্ডের পরিপন্থী। তারা বিচারপ্রক্রিয়াকে ‘অন্যায্য ও অবৈধ’ উল্লেখ করে ১৪ দিনের মধ্যে ট্রাইব্যুনালের অবস্থান জানাতে অনুরোধ জানিয়েছে।