
ময়মনসিংহের ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়–এর ক্যাশিয়ার মো. ইমরান মেহেদী হাসান ও ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ-এর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়ে আবেদন করা হয়েছে।আবেদনকারী মো. জুবায়ের হোসেন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মো. ইমরান মেহেদী হাসানের বিরুদ্ধে পূর্বে দুর্নীতির অভিযোগে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরবর্তীতে তদন্ত বোর্ডের প্রতিবেদনে অনিয়ম প্রমাণিত হওয়ায় তাকে অন্য জেলায় বদলি করা হয়।আবেদনে আরও বলা হয়, বদলি বাতিলের প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ ওঠে এবং এ সংক্রান্ত ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–এর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগকারী দাবি করেন, ওই সময় অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বীকারোক্তি পাওয়া যায়।এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ, বেসরকারি ক্লিনিকের লাইসেন্স প্রক্রিয়া এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে বিপুল অংকের অর্থ লেনদেনের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে একাধিক মামলা দায়ের হলেও সেগুলো বিচারাধীন থাকা অবস্থায় জাল কাগজপত্রের মাধ্যমে নিষ্পত্তি দেখানোর চেষ্টা করা হয়েছে।আবেদনপত্রে যোগদানপত্র গ্রহণ, বদলি প্রক্রিয়া এবং কর্মচারীদের কাছে অর্থ দাবির অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।