
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মিয়া (৭০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আব্দুর রহমান মিয়া চট্টগ্রাম মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।কারা কর্তৃপক্ষ জানায়, আব্দুর রহমান মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৬ ডিসেম্বর তাকে প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে ফুসফুসের ক্যান্সার, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন গুরুতর জটিলতা শনাক্ত করেন। চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি ২০২৬ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়।কারাগারে ফেরার কয়েকদিন পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ২৬ জানুয়ারি তাকে দ্বিতীয় দফায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন জানান, ১৭ নভেম্বর ২০২৫ তারিখে কোতোয়ালি থানার একটি বিস্ফোরক মামলায় (মামলা নং–৪৯(০৯)২৪) হাজতি হিসেবে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কারাবিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিল বলে তিনি দাবি করেন।তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।