
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারী এলাকায় এ সংঘর্ষ ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির মনোনীত প্রার্থী হাসান রাজীব প্রধান এবং জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু—উভয় প্রার্থীর সমর্থকেরা একই সময়ে ওই এলাকায় গণসংযোগে নামেন। এ সময় কে আগে প্রচারণা চালাবে—এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষে আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।এ বিষয়ে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। বিএনপি প্রার্থীর পক্ষ থেকেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।হাতীবান্ধা থানার পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।