
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণ—এই দুই বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই দুই ক্ষেত্র কার্যকরভাবে মোকাবিলা করা গেলে দেশের অন্যান্য অনেক সমস্যারও সমাধান সম্ভব হবে।শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।তারেক রহমান বলেন, “আমাদের প্রথম কাজ হবে আইনশৃঙ্খলা নিশ্চিত করা। মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন—সবাই যেন রাস্তায় নিরাপদে থাকতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতিকে যেভাবেই হোক আমাদের অ্যাড্রেস করতেই হবে।”তিনি আরও বলেন, “দুর্নীতির ধরন বিভিন্ন রকম এবং বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে আছে। আমাদের প্রতিটি স্তরে চেষ্টা করতে হবে। এই দুইটা বিষয় যদি আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারি, তাহলে অন্য সমস্যাগুলো অনেকটাই আপনাআপনি সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।”গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এ আলাপচারিতায় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীরা নানা সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় নিয়ে প্রশ্ন করেন, যার জবাব তিনি খোলামেলা ও বিস্তারিতভাবে দেন।ফ্যামিলি কার্ড কারা পাবে—এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, “বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষার আওতায় বর্তমানে প্রায় ১৩৮টি প্রকল্প চালু রয়েছে। কিন্তু এগুলো সঠিকভাবে সমন্বিত নয়। ফলে একজন মানুষ একাধিক সুবিধা পাচ্ছে, আর আরেকজন কিছুই পাচ্ছে না। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই ব্যবস্থাকে অর্গানাইজ করতে চাই।”তিনি জানান, ফ্যামিলি কার্ড ব্যবস্থাটি সর্বজনীন করার পরিকল্পনা রয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, “একজন কৃষকের স্ত্রী পাবেন, একজন ভ্যানচালকের স্ত্রী পাবেন, আবার একজন অফিসিয়ালের স্ত্রীও পাবেন। সবার জন্যই এটি থাকবে।”