
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,“মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?”ফেসবুক পোস্টে রাবেয়া ইসলাম শম্পা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর প্রকাশ্যে দিনের আলোতে একজন মানুষকে হত্যা করে খুনিরা নির্বিঘ্নে পালিয়ে গেলেও আজ পর্যন্ত সেই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। অথচ সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে বলে মন্তব্য করেন তিনি।তিনি লেখেন,“যে দেশে প্রকাশ্যে হত্যা হয় এবং তার কোনো বিচার হয় না, সে দেশের মানুষ কিসের ভিত্তিতে ভোট দিতে যাবে?”সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবার কাম্য হলেও বিচারহীনতার সংস্কৃতিতে জনগণের আস্থা নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।রাবেয়া ইসলাম শম্পা আরও বলেন, ফিরনাসের কোনো দায়িত্ব বা প্রলোভনের বিনিময়ে তার বাবার হত্যার বিচার থেকে সরে আসবে—এমন ধারণা সম্পূর্ণ ভুল।“ফিরনাস তার বাবাকে বিক্রি করে কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার,”—এমন দৃঢ় অবস্থানের কথা জানান তিনি।পোস্টের শেষাংশে তিনি স্পষ্ট করে বলেন, শহীদ ওসমান হাদির মতোই তারা কোনো আপস করবেন না এবং“ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে এই দেশের মাটিতে বসেই লড়ে যাবে।”