
নওগাঁ সদর উপজেলার কমলগোটা গ্রামে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নওগাঁ-৫ আসনের জামায়াত প্রার্থী আবু সায়েমের লোকজন বিকেলে খাবারের আয়োজন করেন। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন কর্মীকে মারধর করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।তবে খাবারের আয়োজনের অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। দলটির নেতাকর্মীদের দাবি, প্রার্থী আবু সায়েম প্রচারণা শেষে অসুস্থ থাকায় একটি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কিছু লোক ভিডিও ধারণ করে মিথ্যা অভিযোগ তোলে, যা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।আহত বিএনপি কর্মী রাকিব হাসান অভিযোগ করেন, জামায়াতের ৫০–৬০ জন নেতাকর্মী একত্র হয়ে তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে আহত জামায়াত কর্মী হাসান প্রামানিক বলেন, পুলিশ ঘটনাস্থলে এলে বিএনপি কর্মীরা পুলিশের লাঠি কেড়ে নিয়ে হামলা করে।নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং জামায়াতের লোকজন হামলা করে বিএনপির দুই কর্মীকে আহত ও মোবাইল ফোন ভাঙচুর করেছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে