
সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অধিকার নেই একটি রাজনৈতিক আদর্শকে হত্যা করার। তিনি বলেন, আমরা আদর্শিক রাজনীতি চাই, আদর্শ ধ্বংস করে রাজনীতি করার পক্ষে নই।তিনি জানান, ২০২৪ সালের আগস্টের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটি পিটিশন দায়ের করা হয়েছিল, যেখানে হাইকোর্টে দলটিকে আজীবনের জন্য নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসাদুজ্জামান বলেন, “আমি যখন অ্যাটর্নি জেনারেল ছিলাম, তখন হাইকোর্টে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছিলাম—যারা এই পিটিশন করেছেন, তাদের কোনো অধিকার নেই একটি আদর্শকে হত্যা করার।”তিনি আরও বলেন, “আওয়ামী লীগে যেমন খুনি আছে, তেমনি অনেক আদর্শিক সৈনিকও রয়েছে। সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে অবস্থান নিয়েছিলাম।”আসাদুজ্জামান বলেন, “আমরা আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি। আদর্শকে হত্যা করে কোনো ধরনের রাজনীতি আমরা করতে চাই না।”