
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুর রহমানের (ধানের শীষ প্রতীক) নির্বাচনি ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানের স্ত্রী মাহমুদা আক্তার হ্যাপির বিরুদ্ধে।রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজিবপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি বিকালে রাজিবপুর উপজেলার বটতলার আব্দুল গফুর মার্কেট এলাকায় কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির ধানের শীষের পোস্টার, ফেস্টুন ও ব্যানার টানানো ছিল। এদিকে জামায়াত মনোনীত প্রার্থীর সহধর্মিণী মাহমুদা আক্তার হ্যাপির বাবা আব্দুল গফুরের মার্কেটটি হওয়ায় ধানের শীষের ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ঝড় উঠেছে।অভিযোগকারী আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের জানান, নির্বাচনি প্রচারণার ধানের শীষ সম্বলিত ব্যানার-ফেস্টুন ও পোস্টার রাজিবপুর বাজারের বটতলা আব্দুল গফুর মার্কেটে টানানো হয়েছিল। টানানো ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেন জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানের স্ত্রী হ্যাপি। পরে এ বিষয়ে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানের স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কুড়িগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান জানান, আমার নিজস্ব দোকানে ধানের শীষের নির্বাচনি ব্যানার-ফেস্টুন ও পোস্টার টানানো ছিল। কে বা কারা ছিঁড়েছে তা আমি জানি না। তবে আমার স্ত্রী কারো ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেননি। অভিযোগটি মিথ্যা।চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এএফএম শামীম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত চলছে।