
পিরোজপুরের ইন্দুরকানির জিয়ানগর উপজেলার বাটাজোড় আলিম মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদ ও ভুয়া সুপারিশপত্র ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এমপিও (মাসিক বেতন-ভাতা) বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।অভিযুক্তরা হলেন মাদ্রাসাটির ইবতেদায়ি প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান এবং ইবতেদায়ি শিক্ষক মো. মাসুম বিল্লাহ।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে গত ৩০ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে তাদের এমপিও বাতিল, ইনডেক্স নম্বর কর্তন এবং ফৌজদারি মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সরবরাহ করা তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দুই শিক্ষকের নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া বলে প্রমাণিত হয়েছে। পরে নীতিমালা অনুযায়ী গঠিত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।বৃহস্পতিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাটাজোড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুস সাকিব।