
কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে আনার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেও মামলা না করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বরং উদ্ধার করা ইয়াবা বড়ি আত্মসাৎ করে বহনকারীকে ছেড়ে দেওয়া হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজেই বহনকারীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এবং পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদনটি গত ২৯ এপ্রিল পুলিশ সদর দপ্তরে পাঠানো হলেও এখন পর্যন্ত অভিযুক্ত ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ঘটনাটি ঘটে গত বছরের ৮ ডিসেম্বর। যার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল, তার সঙ্গে আরেক ব্যক্তির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। পরে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. ওয়াহিদুল হক চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।তদন্তে উঠে আসে, উদ্ধার হওয়া এক লাখ ইয়াবার বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি। এমনকি তদন্ত কমিটির সুপারিশ সত্ত্বেও এখন পর্যন্ত আত্মসাৎ হওয়া ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়নি এবং ইয়াবা পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয়নি।ঘটনার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও আইনি প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।