
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় মাদক উদ্ধারের নামে অভিযান চালিয়ে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় তাদের সঙ্গে থাকা দুই সোর্সকেও গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৪ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।কারাগারে পাঠানো দুই পুলিশ সদস্য হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার এবং কনস্টেবল মো. আফিকুল ইসলাম। এছাড়া গ্রেপ্তার হওয়া দুই সোর্স হলেন মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই ফতুল্লার জামতলা ঘোষপাড়া এলাকায় সুমা আক্তার নামে এক নারীর বাড়িতে মাদকবিরোধী অভিযানের নামে যান এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, অভিযানের সময় তারা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করেন।এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করলে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত দুই পুলিশ সদস্য ও তাদের সহযোগী দুই সোর্সকে গ্রেপ্তার করা হয়।মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় জনমনে নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।