
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।এদিন মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত থাকলেও সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। এ সময় কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। পরে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য নতুন করে ১০ আগস্ট দিন ধার্য করেন।মামলার অন্য আসামিরা হলেন— আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে একই বছরের ১৮ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, অসাধু উপায় ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে আসাদুজ্জামান খান কামাল প্রায় ২২ কোটি ৫৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।এছাড়া, ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮৭ কোটি ৪৬ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও ঘুষের অর্থের উৎস গোপন বা আড়াল করতে অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।