
পুলিশের ক্যাডেট (এএসআই) পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৯ জুন) রাতে জামালপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হাতেনাতে গ্রেফতার হন মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার শরিফুল ইসলাম শিশির এবং পাবনার আতাইকুলা উপজেলার গঙ্গাহাটি এলাকার রকিবুল ইসলাম রকিব।পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক তরুণ এএসআই পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুই ব্যক্তি চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে ওই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা ২৫ লাখ টাকার লিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং একটি ফাঁকা ব্যাংক চেক গ্রহণ করেন।ভুক্তভোগী পরিবারের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। এর ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে স্ট্যাম্প ও চেক বিনিময়ের সময় দুই প্রতারককে আটক করে।অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং সোস্যাল ইসলামী ব্যাংকের একটি ফাঁকা চেক উদ্ধার করা হয়। গ্রেফতার রকিবুল ইসলাম রকিব বর্তমানে জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।পুলিশের দাবি, অভিযুক্তরা পুলিশের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করছিল।এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, পুলিশের ক্যাডেট (এএসআই) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।তিনি আরও বলেন, চাকরি দেওয়ার নামে প্রতারণা কিংবা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।