
কুমিল্লা নগরীতে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে নগরীর কাটাবিল এলাকায় আহত শিক্ষার্থী ইথানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।ওসিকে উদ্দেশ্য করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, “মাদক কারবারিদের কাছে আমরা সবাই আত্মসমর্পণ করে চলে যাই, অথবা মানুষের কাছে ক্ষমা চেয়ে দায়িত্ব ছেড়ে দিই। মাদক কারবারিরা থাকবে, আর একজন স্কুলছাত্র নিরাপদে স্কুলে যেতে পারবে না—তারপরও আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব, এটা হতে পারে না। এই পরিবারের কাছে কী জবাব দেবেন?”তিনি আরও বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনতে প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলা হবে। ইতোমধ্যে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলেও জানান।এ সময় আহত ইথান আহমেদের মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে তার সন্তানের চিকিৎসা ও পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন সংসদ সদস্য।স্থানীয়দের দাবি, এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।