
রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। অভিযানের সময় চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপপরিদর্শক (এসআই) তরুণ আহত হন। পরে পুলিশের পাল্টা অভিযানে এক সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং আরও চারজনকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আদাবর এলাকায় চাপাতির ভয় দেখিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তদের শনাক্ত করে তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশ।এরই ধারাবাহিকতায় দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে সন্দেহভাজন ছিনতাইকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।এতে চাপাতির আঘাতে ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে এক সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।পরে ঘটনাস্থল থেকে আরও চারজনকে আটক করা হয়। আহত দুই পুলিশ কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।