
দুর্নীতি, হয়রানি ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তার নেতৃত্বে গত কয়েক মাসে জেলার বিভিন্ন থানার একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বদলি, প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা স্থানীয় জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও বন্দর থানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপকে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।গত ৯ জুন চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একইভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ জুন বন্দর থানার এসআই মাসুদ রানাকেও প্রত্যাহার করা হয়। অভিযোগ রয়েছে, একটি হত্যা মামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ঘুষ দাবি করেছিলেন তিনি।এছাড়া বন্দর থানার আরও তিন এসআই—মনির হোসেন, শহিদুল ইসলাম ও ফারুককে বদলি করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়গুলো এখনো তদন্তাধীন।ফতুল্লায় গত মে মাসে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পাঁচ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই, এক এএসআই ও চার কনস্টেবলসহ ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।এর আগে রূপগঞ্জ থানার তিন এসআই—হুমায়ুন আহমেদ, আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে প্রত্যাহার করা হয়।এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “জনগণকে মানসম্মত ও হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কোনো অনিয়মই ছাড় দেওয়া হবে না। ভালো কাজের জন্য পুরস্কার যেমন থাকবে, তেমনি অনিয়মের জন্য শাস্তিও নিশ্চিত করা হবে।”তিনি আরও বলেন, থানায় সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে সরাসরি জেলা পুলিশকে জানাতে। জনগণের আস্থা অর্জন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা মনে করছেন, দুর্নীতির বিরুদ্ধে এই অবস্থান পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।