
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, মাসুদ রানাকে কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুদ রানাকে নিয়ে একাধিক পোস্ট দেন। এর মধ্যে একটি ভাইরাল ভিডিওতে মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করতে দেখা যায়।এছাড়া জাওয়াদ নির্ঝর তার এক পোস্টে দাবি করেন, প্রকাশ্যে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগে অতীতে আলোচনায় এসেছিলেন এডিসি মাসুদ রানা।এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার মধ্যে থাকতেই তাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের পদ থেকে সরিয়ে আরএন্ডডি বিভাগে বদলি করা হলো।