
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি (VOIP), জিএসএম গেটওয়ে ডিভাইস ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তাররা হলেন—ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)।ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) রাতে ডিবির সাইবার ক্রাইম বিভাগের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনে অভিযান চালায়। এ সময় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।অভিযানে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, ঝর্না চাকমা জিয়ানা পুরো ভবনটি ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলা চীনা নাগরিকদের কাছে সাবলেট দেন। সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসা ও অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।তদন্ত সংশ্লিষ্টরা জানান, চক্রটি চাকরি, বিশেষ অফার বা অতিরিক্ত আয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে বার্তা পাঠাত। সেই বার্তার লিংকে প্রবেশ করলেই ভুক্তভোগীরা প্রতারণার শিকার হতেন।ডিবির ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে চক্রটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটি ডিভাইসে একসঙ্গে একাধিক সিম পরিচালনা করত, ফলে প্রতারণার উৎস দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।