
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে।অভিযোগে বলা হয়েছে, রাতের আঁধারে বিদ্যালয়ের জমির একটি অংশে রাস্তা নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, রজপাড়া মৌজার জেএল নম্বর-৯ এর বিএস ১২ নম্বর খতিয়ানে বিদ্যালয়ের নামে ২১ একর ৭৬ শতাংশ জমি রয়েছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর সরকারি বিধি অনুযায়ী এসব জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে হস্তান্তর করা হয়।বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি ৬ লেন সড়কের উত্তর পাশে বিদ্যালয়ের প্রায় ৬ শতাংশ জমি দখল করে রাস্তা নির্মাণ করেছেন কাফি। অভিযোগ অনুযায়ী, তার মালিকানাধীন জমিতে যাতায়াতের সুবিধা তৈরির উদ্দেশ্যেই এ রাস্তা নির্মাণ করা হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অভিযোগের বিষয়ে নুরুজ্জামান কাফির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।