
ঝালকাঠির রাজাপুরে এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. রিয়া আকতারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছে।সোমবার (২৯ জুন) দুপুরে রাজাপুর উপজেলার রয়াল ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী অমূল্য চন্দ্র হালদারের মেয়ে অনামিকা হালদার। এ সময় অমূল্য চন্দ্র হালদার, রিনা হালদার, রাজিব হালদার ও সমীর চন্দ্র মালাকার উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে অনামিকা হালদার জানান, ২০২২ সালে তারা রাজাপুর মৌজার ৫ দশমিক ১১ শতাংশ জমি ২২ লাখ ৫০ হাজার টাকায় মোসা. রিয়া আকতারের কাছে এবং একই মৌজার আরও ৩ দশমিক ৭৫ শতাংশ জমি ১৭ লাখ ৮০ হাজার টাকায় সমীর চন্দ্র মালাকারের কাছে বিক্রি করেন।তাদের দাবি, জমি বিক্রির পর একাধিকবার মাপজোক করে ক্রেতাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং দীর্ঘদিন তারা সঠিক মাপ অনুযায়ী জমি ভোগদখল করে আসছিলেন। তবে ২০২৪ সালের শেষের দিকে রিয়া আকতার ৫ দশমিক ১১ শতাংশের পরিবর্তে ৬ দশমিক ১১ শতাংশ জমি রেকর্ড করে নেন। এ ঘটনায় বরিশাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রিয়া আকতার ও তার স্বামী মো. রফিক হাওলাদার ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় লোকজন নিয়ে গত ২৮ জুন সকালে জমির সীমানা বেড়া ও টিন ভেঙে অতিরিক্ত জমি দখল করেন। এ সময় ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবার তাদের জমি পুনরুদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।