
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে এক গ্রাম পুলিশের বাড়ি থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্ব উচনা গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ সদস্য আমিন উদ্দিন (৪২) এবং বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের বাসিন্দা লিটন (২৫)।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ আমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতবাড়ি থেকে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।এদিকে একই রাতে পৃথক আরেকটি অভিযানে বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড়সংলগ্ন পুটারবিল গ্রামে লিটনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।