
দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে অভিযান পরিচালনার পর এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া।জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা হয়। পাশাপাশি অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগগুলোর প্রাথমিক প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তিনি বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনগণকে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।জেলা প্রশাসক আরও জানান, দুর্নীতিবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। যেখানে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানেই তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।